অনলাইন ডেস্ক | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 124 বার পঠিত
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, রোগীর ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে কথা বলায় টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিষয়টি সমাধান করা হয়। ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্ট্রোক আক্রান্ত এক রোগীর খোঁজখবর নিতে সকালে হাসপাতালে যান ফাতেমা রহমান বীথি। চিকিৎসাসেবার অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ফাতেমা রহমান বীথি জানান, তিনি এক ব্রেন স্ট্রোক করা রোগীর বিষয়ে জানতে এক চিকিৎসকের কাছে গেলে তাকে একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ওই ইন্টার্ন চিকিৎসক তার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং অন্য ইন্টার্নদের ডেকে ভিডিও ধারণ করতে বলেন। পরে কয়েকজন মিলে তাকে অবরুদ্ধ করে রাখেন। দিপু নামের এক ইন্টার্ন চিকিৎসক তার গায়ে হাত তুলেছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে কথা বলাই যদি অপরাধ হয়ে দাঁড়ায়, তবে তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাগ্বিতণ্ডা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। কোনো ইন্টার্ন চিকিৎসক শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah