জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান আতা মিয়া (৬০)কে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর-শিমুলতলী সড়কের একটি নির্জন স্থান থেকে আতা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
আতা মিয়া নরোত্তমপুর বাটনা গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বয়সেও তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্বজনদের ধারণা, ভাড়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু হওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah