জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 73 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) উড়ালসড়কে চলন্ত একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাদেরিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের কাদেরিয়া গেট এলাকার লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে।
অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah