সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 278 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বহু প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নেতাকর্মীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সড়ক ও রেলপথে একযোগে যাত্রার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছে। বাস, মাইক্রোবাস ও ট্রেন-সব মাধ্যমেই ঢাকাগামী কাফেলা গঠনের কাজ চলছে।
বুধল ইউনিয়নে দোয়া ও পরামর্শসভা : ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে। বিএনপি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
ঢাকাগামী যাত্রার লজিস্টিক প্রস্তুতি :
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় অংশ নেবেন। জেলা সদর থেকে ২০টি বাস ও ২০টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। পাশাপাশি তিতাস কমিউটার ট্রেনের ৫টি বগি রিজার্ভ নেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলা থেকেও আলাদা আলাদা পরিবহনে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।
সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম আরো জানান, যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখা, সময়মতো যাতায়াত এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সমন্বয়ে দায়িত্বশীল টিম গঠন করা হয়েছে।বিভিন্ন স্থানে ধারাবাহিক দোয়া মাহফিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়-নন্দনপুর বাজার ৭নং ওয়ার্ড সুতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চান্দিয়ারা সমাজকল্যাণ কিন্ডারগার্টেন বেতবাড়িয়া রশিদ সুপার মার্কেটের সামনে খাটিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,প্রতিটি দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-জহিরুল হক খোকন, এবি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, আলী আজম, আসাদুজ্জামান শাহীন, শামীম মোল্লা, মাইনুল হোসেন চপল, আলমগীর হোসেন, সালাউদ্দিন আহমেদ, বেলাল মোল্লা, সাজিদুর রহমান সাজিদ, সম্পাদক হারুনুর রশিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে এবং বিএনপি নতুনভাবে সংগঠিত হয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আরো শক্তিশালী ভূমিকা রাখবে।
Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah