সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 168 বার পঠিত
অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে দুই জুসের দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শহরের ট্যাংকেরপাড় বিভিন্ন জুসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় নাফীস জুস পয়েন্ট ও রকমারি জুস বিপনীতে ফল হতে বিভিন্ন ধরনের জুস তৈরির অপরিচ্ছন্ন দই ও বরফ দিয়ে জুস তৈরি করা হচ্ছিল। প্রস্তুতকৃত জুস যথাযথ ভাবে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ ও তৈরি করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ নাফীস জুস পয়েন্টকে ১২ হাজার ও রকমারি জুস বিপনীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, দুটি জুসের দোকানকে সরকারের আইন মেনে ও স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah