অনলাইন ডেস্ক | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 71 বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
১৫ এপ্রিল বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
আহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে তাজুল ইসলাম (৭৩), তার স্ত্রী মিনু আরা বেগম (৬৫) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের অটোরিকশাচালক জিসান (৩৫)।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নবীনগরে ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই রৌশন আরা বেগম নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার ছেলে ইয়ামিনও মারা যায়।
নিহতের বাবা তাজুল ইসলাম জানান, তিনি স্ত্রী, মেয়ে ও নাতিকে নিয়ে ময়নামতি এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah