আরিফুর রহমান আরিফ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 240 বার পঠিত
আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রায় সোমা সাঈদ নতুন মাত্রা যোগ করতে চলেছেন। কুইন্স সিভিল কোর্টের বিচারক হওয়ার চার বছরের মাথায় তিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে যাচ্ছেন। ডেমোক্র্যাটিক পার্টি এ পদে তাকে মনোনয়ন দিয়েছে। কমিউনিটির সক্রিয় ভূমিকা থাকলে আগামী ৪ নভেম্বরের নির্বাচনে তার বিজয় নিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।
গত ৭ আগস্ট কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক জুডিশিয়াল কনভেনশনে সর্বসম্মতভাবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের (কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চ) পাঁচটি শূন্যপদে বিচারপতি হিসেবে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়। পার্টির প্রেসিডেন্ট ও কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স মনোনীতদের নাম ঘোষণা করেন। মনোনীতরা হলেন—ইরা গ্রিনবার্গ, সোমা সাঈদ, স্যান্ড্রা পেরেজ, ফ্রান্সেস ওয়াং এবং গ্যারি মিরেট।
সোমা সাঈদ ১২ বছর বয়সে বাবা-মার সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার বাবা আফতাব সৈয়দ ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নিউইয়র্কে স্কুল-কলেজের শিক্ষা শেষ করে তিনি নিজ মেধা ও পরিশ্রমে ২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারক নির্বাচিত হন। এতে তিনি নিউইয়র্ক স্টেটে প্রথম বাংলাদেশি-আমেরিকান ও প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে ইতিহাস গড়েন।
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব এনওয়াইসি’র ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায়। সভায় সভাপতিত্ব করেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি সোমার বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরে বলেন, “বিশ্বের বহু দেশের আইনপ্রণেতারা আমেরিকার বিচারব্যবস্থার স্বচ্ছতা অনুসরণ করেন। এই ধারাবাহিকতা রক্ষায় সোমা সাঈদের মতো মেধাবী বিচারপতির প্রয়োজনীয়তা অপরিসীম।
বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি গুরদিপ সিং নাড়ুলা, সিভিল কোর্ট জাস্টিস প্রার্থী ইভ চো গুলেরগান, গ্যারি মিরেট, ফ্রান্সেস ওয়াং, ইমাম শামসী আলী, এডভোকেট নাসিরউদ্দিন, শামসুল হক, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, কমিউনিটি নেতা মিজান চৌধুরী প্রমুখ।
সোমা সাঈদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার বাবা সাংবাদিকতা করতেন। তার কর্মনিষ্ঠা আমাকে মানবকল্যাণে অনুপ্রাণিত করেছে। আগামী নির্বাচনে আমি আপনাদের সমর্থন ও দোয়া নিয়ে জয়ী হতে চাই।
Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah