আরিফুর রহমান আরিফ : | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত
পুরোনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা। ভোরের সূর্যের আলোয় সারা দেশে নব আনন্দে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
আধুনিক ও ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে হালখাতার ঐতিহ্য কিছুটা ম্লান হলেও বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও সম্প্রীতির এই উৎসব পেয়েছে নতুন মাত্রা। ঋতুচক্রের আবর্তনে আগত এ দিনটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক মিলনমেলায় আবদ্ধ করে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার অনন্য বহিঃপ্রকাশ।
পহেলা বৈশাখ উপলক্ষে মো. সাহাবুদ্দিন ও তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলা নববর্ষকে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসেবে উল্লেখ করে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ আমাদের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য প্রতীক এবং কৃষিনির্ভর অর্থনীতি ও গ্রামীণ জীবনের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে।
রাজধানী ঢাকায় বরাবরের মতোই বর্ষবরণের অন্যতম প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত এই শোভাযাত্রায় ‘শান্তি, সৃজন, গৌরব ও গতিময়তা’র প্রতীক হিসেবে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ স্থান পেয়েছে। রঙিন প্রতিকৃতি ও বাদ্যযন্ত্রের তালে মুখরিত এই আয়োজনের মূল বার্তা—অশুভ শক্তির বিনাশ ও কল্যাণময় ভবিষ্যতের আহ্বান।
এদিকে ছায়ানট এর শিল্পীরা রমনার বটমূল প্রাঙ্গণে ‘শান্তি, মানবতা ও সম্প্রীতি’র বার্তা নিয়ে সম্মিলিত সংগীত পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠী তোপখানা রোডে দিনব্যাপী গান, কবিতা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে।
শহরের পাশাপাশি গ্রামবাংলাতেও বইছে উৎসবের আমেজ। দেশের বিভিন্ন প্রান্তে বৈশাখী মেলা, বলিখেলা, লাঠিখেলা ও হা-ডু-ডু’র মতো ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে লালদীঘি ময়দানে শতবর্ষের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়।
বর্ষবরণকে ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। লোকজ মেলা ও পুতুলনাট্যের মাধ্যমে ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়াস লক্ষ করা যাচ্ছে।
উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব উৎসবস্থলগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
এছাড়া জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের অংশগ্রহণে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে।
নববর্ষের এই প্রভাত আবারও মনে করিয়ে দিচ্ছে বাঙালির চিরন্তন ঐক্যের শক্তিকে—যেখানে নতুনের জয়গান, সংস্কৃতির উচ্ছ্বাস আর মানবতার আহ্বানই হয়ে উঠেছে প্রধান সুর।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah