মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে না থাকে, সে লক্ষ্যেই কাজ করছি: আইজিপি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে না থাকে, সে লক্ষ্যেই কাজ করছি: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের নানা পর্যায়ে পুলিশের প্রয়োজন রয়েছে। একটি শান্তিপূর্ণ, কার্যকরী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের সহযোগিতায় একটি সৎ, মানবিক ও জনগণের বন্ধু হিসেবে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার জন্য কাজ চলছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে আর না থাকে, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

আইজিপি বলেন, হাসপাতালে নবজাতক শিশুকে পাহারা দেওয়া থেকে শুরু করে কবরস্থানে লাশ বা কঙ্কাল চুরির মতো ঘটনা প্রতিরোধ—সব ক্ষেত্রেই পুলিশের ভূমিকা রয়েছে। তাই সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ অপরিহার্য।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। দেশের অন্যতম ব্যস্ত এসব মহাসড়কে বাড়তি নজরদারি রাখা হবে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন এবং টহল জোরদার করা হবে।

এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরকে মাদকমুক্ত করতে হবে। আসন্ন ঈদে যেন ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সড়কে চালকদের নিয়ম মেনে চলা এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন না করার অনুরোধ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভুঁইয়া, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, প্রভাষক বসির উদ্দিন, গাজী সালাউদ্দিন ও ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।

পরে আইজিপি গাজীপুর জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া