সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট বাসা থেকে শরীর মীর (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের একটি ফ্ল্যাট বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শরীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর মীরবাড়ির মৃত আব্দুল কাইয়ুম মীরের ছেলে৷ তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী এবং কান্দিপাড়ার সিরাজিয়া ট্রেইলার্সের মালিক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুই দিন আগে রাতে তিনি নিজ ভাড়া বাসায় প্রবেশ করার পর আর বাইরে বের হননি। এদিকে তার স্ত্রী সিজারিয়ান অপারেশনের জন্য শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি থাকায় ফ্ল্যাটে তিনি একাই ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে বাড়ির মালিককে অবগত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, তিনি হৃদরোগ বা অন্য কোনো শারীরিক জটিলতায় মারা যেতে পারেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, আমরা ফ্ল্যাট থেকে একজনের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah