নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মাদকের গডফাদার মো. মানিক মিয়াকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম। এর আগে বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় আখাউড়া থানা পুলিশের সদস্যরা। গ্রেফতার হওয়া মানিক বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি স্থানীয় সিঙ্গারবিল বাজার কমিটিরও সাধারণ সম্পাদক। এলাকাবাসীর কাছে তিনি জুয়াড়ি মানিক হিসেবেই পরিচিত।
ওসি জানান, গত ২০ অক্টোবর আখাউড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ৬ নম্বর আসামি হলেন মানিক মিয়া। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মানিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ এবং ক্যাসিনোর বোর্ড পরিচালনা করেন।
জানা যায়, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠভাজন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, পুলিশের ওপর হামলা, অপহরণের পর মুক্তিপণ ও চাঁদা দাবি, হত্যাকান্ড ও জুয়ার আসর বসানো এবং নাশকতার অপরাধে বিজয়নগর ও আখাউড়া থানা এবং আদালতে অন্তত ১৭ টি মামলা রয়েছে।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah