নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 194 বার পঠিত
বিজয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা ৮টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা হলেন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ,এম, জহিরুল ইসলাম, রুদ্র বাংলার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়, চ্যানেল ডিবিসি আন্তর্জাতিক (কুয়েত) প্রতিনিধি ও দৈনিক স্বাধীন বাংলার ক্রাইম রিপোর্টার মহসিন পারভেজ, কালের ছবির মোশাররফ হোসেন, ডেইলি অবজারভারের শফিকুর রহমান শাহিন, আলোকিত নিউজ প্রতিনিধি মেহেদী হাসান মিলন, বাংলা টিভির শামসুল ইসলাম লিটন, এশিয়ান টিভির সারোয়ার হাজারী, ইনকিলাব প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি মো. কেফায়েত উল্লাহ শরিফ প্রমুখ।
নবাগত ওসি রওশন আলী তাঁর বক্তব্যে বলেন, তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তিনি সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকে অপরাধ দমনের শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন। পুলিশ ও সাংবাদিক একসাথে অপরাধ দমনে কাজ করলে সমাজ থেকে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে তিনি মনে করেন। এসময় উপস্থিত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রসঙ্গত: ওসি রওশন আলী এর আগে পিবিআই’তে কর্মরত ছিলেন এবং তিনি বর্তমানে বিজয়নগর থানার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলসহ অন্যান্য অপরাধ দমনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
Posted ২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah