সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবুল খায়েরকে (৫৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সিলেট কোতোয়ালি থানাধীন একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিএসসি সিলেটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দের বাড়ি এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে।
র্যাবের তথ্যমতে, গত ১ আগস্ট সকালে গরু দিয়ে হামদু মিয়ার জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তার সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। পরে সকাল ৯টার দিকে আবুল খায়েরের নির্দেশে কয়েকজন ব্যক্তি হামদু মিয়ার বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। হামদুকে রক্ষা করতে এগিয়ে এলে তার পরিবারের কয়েকজন সদস্যকেও মারধর করা হয়।
গুরুতর আহত হামদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা করেন।
মামলার পর আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah