সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 162 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিজয়নগর থেকে চোরাচালানের সময় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ক্যানসারের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে ও পেঁয়াজের বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাতে উপজেলার আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাই মালামাল জব্দ করে।
আজ ১২ অক্টোবর রবিবার দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে গোপন সংবাদ পেয়ে শনিবার রাত সাড়ে ১০টায় বিজিবির একটি দল আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় লুকানো অবস্থায় ৭ হাজার ১১৮ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ৮ হাজার ৩১৬ পিস ক্যানসারসহ বিভিন্ন রোগের ইনজেকশন এবং ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। এগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah