জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবীর মণ্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম-সম্পাদক মো. হাসমত আলী হাসু এবং সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা অনুষ্ঠানস্থলে গিয়ে তা পণ্ড করে দেওয়ার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, তারা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেন এবং পরে প্রধান শিক্ষকসহ অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরদিন (২০ এপ্রিল) গাজীপুর ইউনিয়ন বিএনপির জরুরি সভায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে উপজেলা বিএনপির কাছে প্রতিবেদন পাঠানো হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই তাদের বহিষ্কার করা হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবীর মণ্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Posted ২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah