নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 163 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কনস্টেবলকে গতকাল মঙ্গলবার রাতে গুলি, ভারত থেকে অবৈধভাবে দেশে আনা মোটরসাইকেল ও শাড়িসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শর্টগানের ৬৭ রাউন্ড কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত কনস্টেবলরা হচ্ছে- শাখাওয়াত ও সোহরাব। জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকাস্থ বাসা থেকে গ্রেপ্তার করে বলে আজ ১২ ফেব্রুয়ারি বুধবার নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে। তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।
Posted ৩:১৯ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah