সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 274 বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ায় নারী উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।দিনব্যাপী নারী উদ্যোক্তা মিলন মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
সংগঠনের সভাপতি ও নারী উদ্যোক্তা মেলার আয়োজক আখি নূরের সভাপতিত্বে এবং শিপন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, বিউটি এক্সপার্ট ফাতেমা চৌধুরী লিপি, সমাজকর্মী কোহিনূর আক্তার প্রিয়া, বিউটি এক্সপার্ট জেসমিন আহমেদ, বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি নাইমা আহমেদ উর্মি, সাধারণ সম্পাদক লায়লা সুলতানা, উদ্যোক্তা মেহেরিমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বক্তারা বলেন, নারীরা আজ এগিয়ে যাচ্ছে। নিজেদের মেধা, শ্রম ও সাহসিকতার মাধ্যমে নারী উদ্যোক্তা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে। নারীদের এই অগ্রযাত্রা আগামীর বাংলাদেশের অর্থনীতিকে আরো সচল করবে। বক্তারা নারী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অংশ গ্রহণকারী নারীরা উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের সংগ্রাম, ত্যাগ তিতীক্ষার কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেয়াসহ তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক-নির্দেশনা দেন। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি হরেক রকম শীতের পিঠার স্টল বসে।
অনুষ্ঠানে মেহেদি বাই মুনের তত্ত্বাবধানে মেহেদি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া সাংস্কৃতিক পর্বে পুতুল নাচ পরিবেশিত হয়।
অনুষ্ঠানে ব্যবসায়িকভাবে সফল নারী উদ্যোক্তাদেরকে অনুপ্রেরণা সৃষ্টির জন্য তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে কেক কাটা ও র্যাফেল ড্রয়ের পুরষ্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান মালা শেষ হয়। মেলায় জেলার ৯টি উপজেলা থেকে দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করে।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah