সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 136 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত পোলিং কর্মকর্তার নাম মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮)। তিনি উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। পেশাগত জীবনে তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম হাবিব। পরে সহকর্মীরা তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এ ঘটনায় সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah