সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, নরসিংদী থেকে সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারের উদ্দেশে যাচ্ছিল হানিফ পরিবহনের বাসটি। রামপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আহতদের উদ্ধার করে সরাইল ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালে মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah