সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 272 বার পঠিত
বিয়ের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (২৭) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের কাউতলী (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আছিয়া বেগম জেলা শহরের ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী। তিনি প্রায় ৬–৭ মাস ধরে আমানুল হক সেন্টুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে আছিয়া বাড়ির ময়লা ফেলতে সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি চিৎকার করলে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah