সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত
কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে মো. রতন মিয়া নামে এক চাল ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিকচ্ছ বাজারে বেশ কিছুদিন যাবত সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রতন মিয়ার গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল (৩০ বস্তা) উদ্ধার করা হয়।
এসময় গুদাম মালিক চালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, সরকারি চাল গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট সৃষ্টি বা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে। এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। জব্দকৃত চালের বস্তাগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার জিম্মায় খাদ্যগুদামে প্রেরণ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যসহ সাংবাদিকবৃন্দ।
Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah