সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে বক্তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে। এ কারণে ফ্যাসিস্টরা নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র করছে।
আজ ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ.রোড, পুরাতন কাছারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন – জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, সহ-সভাপতি আবু শামীম মো. আরিফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা এখনও নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশে বসে এ দেশের নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। কোনোভাবেই যাতে এ দেশে ফ্যাসিস্টদের ঠাঁই না হয়। আজ অনেকেই নানান প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারোর নেই। জনগণের চাহিদা অনুযায়ী ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে।
Posted ১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah