সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
সমাজ থেকে মাদক ও কিশোর অপরাধ নির্মূলে ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন এবং মাদক কারবারিদের বাড়িতে ‘লাল চিহ্ন’ দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সদর থানার কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে এসব ঘোষণা দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম, র্যাব-৯ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার মো. নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তিনি ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন, কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি মসজিদের ইমামদের মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাদক কারবারিদের কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া উচিত নয়। এ বিষয়ে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি উদ্যোগে একটি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক স্পট, সেবনকারী ও কারবারিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তিনি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি তরুণদের অনলাইন জুয়া থেকে দূরে থাকারও পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, মাদকসেবী ও কারবারিদের সামাজিকভাবে চিহ্নিত ও বয়কট করতে তাদের বাসভবনে ‘লাল চিহ্ন’ দেওয়া হবে। এ উদ্যোগ মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে একটি মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১২:১২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah