নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 156 বার পঠিত
রংপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তেল সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষার কারণে প্রতিদিন প্রায় ৫০ হাজার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
সংকট মোকাবিলায় জেলার ৮৫টি ফিলিং স্টেশনে ৮৫ জন কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে তারা দায়িত্ব পালন শুরু করলেও পাম্পগুলোতে দীর্ঘ লাইনের পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
হারাগাছ পৌর এলাকার বাসিন্দা রমজান আলী জানান, প্রতিদিন মোটরসাইকেলে করে ১২-১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে কর্মস্থলে যেতে হয়। সোমবার সকাল ৮টায় একটি পাম্পে লাইনে দাঁড়িয়ে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর তিনি তেল পান।
একই অভিজ্ঞতার কথা জানান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আব্দুর রহিম। তিনি বলেন, “দেড় ঘণ্টা অপেক্ষার পরও তেল পাইনি। পরে বাধ্য হয়ে রিকশা ও অটোরিকশায় অফিসের কাজ সারতে হয়েছে।”
পাম্প মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। প্রতিটি চালক তেল নিতে গড়ে এক ঘণ্টা সময় ব্যয় করলে প্রতিদিন বিপুল কর্মঘণ্টা অপচয় হচ্ছে।
জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জ্বালানি বিপণন স্বাভাবিক রাখতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিয়মিত তদারকি করছেন।
তবে সরেজমিনে দেখা গেছে, এখনো তেলের সংকট কাটেনি। বিভিন্ন পাম্পে শত শত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী বলেন, আগে পাম্পগুলো সপ্তাহে দুইবার পেট্রোল ও অকটেন সংগ্রহ করত। বর্তমানে প্রতিদিন চাহিদা থাকলেও সেই অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে সংকট আরও বেড়েছে।
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah