অনলাইন ডেস্ক | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 70 বার পঠিত
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তাদের সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন গাজীপুর সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
রোববার (৮ মার্চ) সকালে গাজীপুরের জয়দেবপুর এবং দুপুরে চৌরাস্তা এলাকার কাঁচাবাজার, মুদি দোকান, মাছের আড়ত, মাংস ও মুরগির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখা হয়। এ সময় বাজারে পণ্যের মূল্যতালিকা, ওজন পরিমাপের যন্ত্র, পণ্যের মান এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন সিটি প্রশাসক।
এ সময় কয়েকজন ক্রেতা কিছু পণ্যের দাম বেশি নেওয়া এবং কোথাও কোথাও মূল্যতালিকা না টানানোর অভিযোগ করেন। অভিযোগের বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নজরে এনে সতর্ক করা হয়।
সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অসাধু ব্যবসায়ী বা মজুতদারদের বিরুদ্ধে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah