জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 221 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকিতে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিক তাকে আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে দাবি স্কুলছাত্রীর পরিবারের।
১২ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাদিয়া আফরিন (১৬) ওই গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সম্প্রতি স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সে।
সাদিয়ার মা নাসিমা খাতুন বলেন, বুধবার রাতে খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা খুলে দেখি সে জানালার গ্রিলে ঝুলছে।
নাসিমা খাতুন আরো জানান, শ্রীপুর পৌর এলাকার ওয়াদ্দা দীঘিরপাড়ের জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের সাথে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি জানতে পারি। মেয়ে জানায়- তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এ সময় কৌশলে ছেলেটি মেয়ের সাথে নানারকম ছবি ও ভিডিও ধারণ করে। মেয়েটা ছেলেকে এগুলো মুছে ফেলতে বললে সে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে ভয় দেখাতে থাকে। এরপর থেকেই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। দুই দিন আগে ছেলেটি আবার দেখা করতে চায়, কিন্তু মেয়ে রাজি না হওয়ায় ফের হুমকি দেয়। এতে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আলমগীর জানান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক সাহেবের দিক নির্দেশনায় অপরাধীকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। আশাকরি খুব শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হবো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, মামলা হয়েছে। অপরাধী পলাতক, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৬:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah