জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 89 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীকে দেখতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
বুধবার তিনি হাসপাতালে গিয়ে আহত ডা. শংকরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন তিনি। চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, “দুর্যোগ, মহামারি কিংবা সংকটময় সময়ে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাই তাঁদের নিরাপত্তা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা জরুরি। চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন স্বাস্থ্যব্যবস্থাকে আরও এগিয়ে নেবে।”
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, আইসিইউ ইনচার্জসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল হাম-রুবেলা গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে মোটরসাইকেলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে তাঁকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তাঁর অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Posted ৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah