সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 171 বার পঠিত
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহতসহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। আহতরা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার সকালে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়, ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি বাড়িঘর।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Posted ৬:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah