সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah