সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 217 বার পঠিত
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আমি নির্বাচন করবো। আগামীকাল অথবা এরপর দিন আমার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হবে। এতো বড় দল (বিএনপি) তাদের ভাল-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সাথে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে-বিএনপির এমন বার্তা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো আসলে বাধা দিতে পারবো না।
তিনি আরো বলেন, আমি যা বলি, আমি তা-ই করি; এইটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবো।
এর আগে, আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যাপক আলোচনায় ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারো নাম ঘোষণা করেনি দলটি। এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যান এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবীবকে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচার-প্রচারণা। বিভিন্ন সভা-সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও ইঙ্গিত দিচ্ছিলেন তিনি।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah