সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত
সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগিরই বাংলাদেশ আগের অবস্থার তুলনায় বদলে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (৮ মার্চ) রাজধানী ঢাকার ‘ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তন’-এ ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১০ মার্চ রাজধানীর ‘কড়াইল বস্তি’তে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। একইভাবে ঈদের আগেই কৃষি কার্ড এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে একই সময়ে বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন তিনি নিজেও। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হতে শুরু করেছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সভাপতি মো. জুনাইদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া এবং বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ৭:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah