সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 235 বার পঠিত
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন ইসির সিনিয়র সচিব।
বগুড়া পৌর এলাকা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। এ আসনের ভোটে বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। সংসদে একইসঙ্গে একাধিক আসন ধরে রাখার বিধান না থাকায় তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করে ইসি। পরে সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
অন্যদিকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। এছাড়া শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। ফলে নতুন তফসিল দিয়ে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।
তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, বাছাই ৫ মার্চ, আপিল ৬–১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।
Posted ৫:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah