সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 72 বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে নির্বাচিত সরকার এখন দেশ পরিচালনা করছে এবং দেশের স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে। তিনি বলেন, সীমান্তে দায়িত্ব পালনকারী সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতার মাধ্যমে তাদের কর্তব্য পালন করবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের পরিবার ও নিকটাত্মীয়দের দুঃসহ স্মৃতি আজও বহমান। তিনি মাহে রমজানের এই বিকেলে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ১৯৯০-এর গণআন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
২৫ ফেব্রুয়ারিকে জাতির ইতিহাসে রক্তাক্ত ও বেদনাবিধুর দিন উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দিন এলে পিলখানার বিভীষিকাময় স্মৃতি জাতিকে শোকাভিভূত করে। ২০০৯ সালের ওই ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা আজও বহমান।
তিনি বলেন, ঘটনার ১৭ বছর পর শহীদদের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে এসে তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। তিনি নিজেকে শুধু জনপ্রতিনিধি নয়, সেনা পরিবারের সদস্য হিসেবেও অনুভব করেন। দেশে ফেরার পর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করে তিনি শহীদ পরিবারগুলোর দীর্ঘদিনের বঞ্চনা ও বিচার না পাওয়ার যন্ত্রণা উপলব্ধি করেছেন বলে উল্লেখ করেন।
পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ২৫ ও ২৬ ফেব্রুয়ারির স্মৃতি অম্লান রাখতে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
সীমান্তরক্ষী বাহিনীর শিকড় স্বাধীনতার ইতিহাসে প্রোথিত উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে তৎকালীন ইপিআর সদস্যরা সেনাবাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখে। পরবর্তীতে জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নেন। ১৯৭৮ সালে বাহিনীকে সামরিক কাঠামোয় পুনর্গঠন করে উইং পদ্ধতির পরিবর্তে ব্যাটালিয়ন ব্যবস্থা চালু করা হয় এবং দুটি নতুন ব্যাটালিয়ন সংযোজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এবং এটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস, যা জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা প্রকাশ করে। তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, শহীদ পরিবারগুলোর কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি সরকার পুনর্ব্যক্ত করছে।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah