নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের ঘটনা এটি। একই গ্রামের বাসিন্দা বর ও কনে। বর এসএসসি পরীক্ষার্থী ও কনে নূরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সব আয়োজন সম্পন্ন। এবার কিন্তু কবুল বলার পালা। ঠিক সেই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। জরিমানা করা হয় বর ও কনের অভিভাবককে। একইসঙ্গে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। গতকাল ৯ এপ্রিল বুধবার বিকেলে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান চলছিলো। স্থানীয় সূত্র জানায়, দুই পরিবারের সম্মতিতে গত বুধবার বিকেলে বিয়ের অনুষ্ঠান চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী রবিউস সারোয়ার পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন। পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেন। কনের অভিভাবক মো. সামছুল হক এবং বরের অভিভাবক মো. শাহেদ মিয়াকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের জন্য চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে, কনের ১৮ এবং বরের ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না।
এ বিষয়ে নূরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, এলাকার মানুষ অল্প বয়সে ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রশাসন। এসিল্যান্ড খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধ করেছেন, যা আমাদের জন্য একটি বড় সাফল্য।
এসিল্যান্ড কাজী রবিউস সারোয়ার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ এবং এটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর। আমরা চাই না, কোনো কিশোর বা কিশোরীর ভবিষ্যৎ ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট হোক। আইন সবার জন্য সমান, এবং আমরা আইন মেনে দায়িত্ব পালন করেছি।
এ ঘটনাটি এলাকার লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করবে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah