সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | 235 বার পঠিত
সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে আশুগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি ও পুলিশের হ্যান্ডকাফসহ জসিম ওরফে ‘পাখি জসিম’ (৪২) নামে এক আলোচিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক নারী সহযোগীকেও গ্রেফতার করা হয়। সোমবার রাতে আশুগঞ্জ উপজেলার জাকির মার্কেটস্থ ‘শাহজালাল পাখির মেলা’ দোকানে এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল। আজ ৮ জুলাই মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার জসিম নবীনগর উপজেলার মো. তৈয়ব মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জে অবস্থান করে পাখি বেচাকেনার আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘পাখি জসিম’ নামে পরিচিত। এছাড়া, পুলিশের সোর্স হিসেবে তার পরিচিতি রয়েছে এবং তাকে প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা গেছে। শারীরিক গঠন ও পুলিশের সাথে ঘনিষ্ঠ চলাফেরার কারণে অনেকেই তাকে পুলিশের লোক ভাবতেন।
গ্রেফতার নারী সহযোগী হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে মোছা. হোসনা আক্তার (২৪)।
যৌথবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১,৩৯,৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি সেট এবং পুলিশের একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃতদের উদ্ধার করা আলামতসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পাখি জসিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের ছত্রছায়ায় মাদকের কারবার চালাতেন। তার বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় অভিযোগ তোলা হয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া মাদক কারবারিদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah