সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 221 বার পঠিত
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যাগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান আইন–শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নানা শর্ত নির্বাচনী পরিবেশকে আরো জটিল করে তুলেছে।
আজ ২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত জনসভায় রুমিন ফারহানা একথা বলেন।
রুমিন ফারহানা বলেন, কেউ বলছে নিম্নকক্ষে পিআর না হলে তারা নির্বাচন করবে না, কেউ বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে, আবার কেউ বলছে ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ–সুবিধা পেয়ে যাচ্ছেন, তাদের অনেকে সেই সুবিধা ছাড়তে রাজি নন। এজন্যই মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হবেন কি না-এমন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর আমি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকেছি। দলের নেতাকর্মীদের সঙ্গে থেকেছি। তাই দলের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের মতামতই নির্ধারণ করবে আমার রাজনৈতিক পথ কোন দিকে যাবে।
সভায় সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Posted ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah