সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বত্র এখন ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা চলছে। কৃষকদের মুখে হাসি আর স্বস্তির ছাপ।
গত কয়েক দিন বিভিন্ন উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে ধান কাটার উৎসব চলছে। আর নতুন ধানের গন্ধে ভরে উঠছে কৃষকের আঙিনা।
প্রাকৃতিক দুর্যোগের প্রভাব না থাকায় এবার ধানের জমি ছিল সবল ও স্বাস্থ্যকর। আর এরই ফল বাম্পার ফলন। বলছেন কৃষি সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোস্তফা এমরান হোসেন জানান, ২০২৫ সালে আমন মৌসুমে চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৫ হাজার ২৯৫ হেক্টর জমি। চাষ করা হয়েছে ৬০ হাজার ১৮৪ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫ হাজার হেক্টর বেশি। অনুকূল আবহাওয়া, পোকামাকড়ের আক্রমণ কম হওয়া এবং কৃষকদের উন্নত জাতের ধান বেশি চাষ করায় এবার প্রতি হেক্টরে গড়ে ৫ টন ফলন পাওয়া যাচ্ছে।
উপপরিচালকের মতে, জেলায় ৩ লাখ টনের বেশি আমন ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা, যার বাজারমূল্য দাঁড়াবে ৭৭৫ কোটি থেকে ৯০০ কোটি টাকা। ইতোমধ্যে জেলার ৩৭ শতাংশ জমির ধান কাটা হয়ে গেছে। খুব দ্রুতই জমি থেকে ধান তোলা সম্পন্ন হবে বলে আশা করছেন তারা।
বাম্পার ফলনের এই আনন্দে এখন জেলাজুড়ে উৎসবের আমেজ। কৃষকের ঘরে ফিরছে সোনালি সমৃদ্ধি।
Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah