সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 182 বার পঠিত
চলারপথে রিপোর্ট :
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ৫ ডিসেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এলপিজি গ্যাস বিক্রির ডিলার মায়ের দোয়া প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মায়ের দোয়া প্রতিষ্ঠানের ডিলার মো. হেলাল মিয়া সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য আদায় এবং মূল্য তালিকা না ঝুলিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ডিলার মো. হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah