সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 275 বার পঠিত
সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি’র নিজ উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ১৭ জানুয়ারি শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরণ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি বলেন, “শীত প্রতিবছরই গরিব ও অসহায় মানুষের জন্য কষ্টের বার্তা নিয়ে আসে। কিন্তু তাদের পাশে দাঁড়াতে অনেক সময় সামর্থ্যবান মানুষদের দেখা যায় না। অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারার অনুভূতি সত্যিই ভিন্ন।”
তিনি আরও বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে এলে অনেক মানুষের মুখেই হাসি ফুটবে।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এ সহায়তায় তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এবং দৈনন্দিন জীবনযাপন সহজ হবে।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah