সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার উত্তপ্ত বাক্য বিনিময়

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   234 বার পঠিত

সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার উত্তপ্ত বাক্য বিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এক মতবিনিময় সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আলোচনা করতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা। একপর্যায়ে তিনি কড়া ভাষায় ম্যাজিস্ট্রেটকে সতর্ক করে বলেন, এ ধরনের কথা তিনি আর শুনতে চান না। এ সময় প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি সমালোচনামূলক বক্তব্য দেন।

ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচনবিধির ১৮ ধারা লঙ্ঘন করে সেখানে সমাবেশ আয়োজন করা হয়। বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ না করার নির্দেশ দেওয়া হয়। পরে সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সমাবেশ বন্ধ হওয়ার পর প্রার্থী রুমিন ফারহানা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও তিনি অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, একই দিন দুপুরে ইসলামবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ১৭ বছরে তিনি কার পক্ষে ও কাদের জন্য রাজনীতি করেছেন, তা জনগণ জানে। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার অনুপ্রেরণাতেই তিনি রাজনীতিতে এসেছেন।

দল থেকে বহিষ্কারের বিষয়ে তিনি অভিযোগ করেন, দলীয় সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য মন্ত্রীত্বসহ নানা প্রলোভন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

মতবিনিময় সভায় স্থানীয়দের পক্ষ থেকে তাকে একটি হাঁস উপহার দেওয়া হয়। এ সময় তিনি হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল উপজেলা, আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে প্রার্থী দেয়। জোটের প্রার্থী হিসেবে জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Facebook Comments Box

Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া