সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 251 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি দল কীভাবে প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিয়েছিল, তা দেশবাসী দেখেছে। জনগণের সজাগ উপস্থিতিই এসব ষড়যন্ত্র রুখে দিতে পারে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই উল্লেখ করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের কাছেই আদায় করতে হবে।
জনসভায় তারেক রহমান দুটি কার্ড প্রদর্শন করে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরিসহ বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বিএনপির স্লোগান—‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’।
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোটের শরিক দল মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই ছয়জনের মাধ্যমে এলাকায় সার্বিক উন্নয়ন সাধিত হবে, ইনশাল্লাহ।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী ড. মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী জুনায়েদ সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রার্থী আব্দুল হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
এর আগে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে দুপুর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। ব্রাহ্মণবাড়িয়া সদরসহ সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, কসবা, আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সমাবেশ শেষ করে রাত ১০টায় তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার জনসভাস্থলে পৌঁছালে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং একপর্যায়ে মঞ্চ থেকে নেমে জনতার সঙ্গে হাত মেলান।
দীর্ঘদিন পর তারেক রহমানের জনসভায় উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
Posted ৮:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah