সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 276 বার পঠিত
কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে আজ ২৪ জানুয়ারি শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোস্তফা এমরান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, ঢাকা খামারবাড়ি প্রকল্প বাস্তবায়নের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন শরীফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, আমার খাদ্য স্বয়ংসম্পর্ণ, কিন্তু পুষ্টিতে নয়। কাজেই পুষ্টি নিয়ে কাজ করতে হবে। টেকসই কৃষিতে উন্নয়ন করে রপ্তানিমুখী করতে চাই। কৃষিতে ফলন বাড়াতে হবে, ফলন বাড়াতে হলে ভালো জাত দিতে হবে। ভালো জাতের জন্যই এখন ভালো ফলন হচ্ছে। আঞ্চলিক টেকসই এই প্রকল্পের মাধ্যমে কৃষিতে পরিবর্তন সম্ভব।
কর্মশালায় জানানো হয় কৃষির আধুনিকায়নে এই পর্যন্ত ৩০ ধরনের প্রযুক্তি ছড়িয়ে দেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও কৃষকের সমস্যা সমাধানের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মাটি, আবহাওয়া, আধুনিক চাষাবাদ, উদ্যোক্তা তৈরী এবং মহিলাদের কর্মসংস্থান তৈরীর বিষয় নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা ছাড়াও কৃষক-কৃষানি, কৃষি উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে।
উল্লেখ্য, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪০টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে।
Posted ৫:০২ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah