সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 296 বার পঠিত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আমরা আওয়ামী লীগের আমলের মতো ভোট ছাপানোর নির্বাচন চাই না। আমাদের দলের কেউ যদি ভোট ছাপানোর মতো অপরাধ করেন তাহলে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করবো, এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবো।
তিনি আজ ৩০ জানুয়ারি শুক্রবার দিনভর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর, বড় বাকাইল, আনন্দপুর গুদারাঘাট, আমিরপাড়া, মৈন্দ এবং মৈন্দপূর্বসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আপনারা ভোরে ভোট কেন্দ্রে যাবেন। আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, একটি দল এখন ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচারণা চালাচ্ছে, যা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।
তিনি বলেন, আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে মজলিশপুর ইউনিয়নের রাস্তা-কালভার্টসহ সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবো। এসময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলের সুশাসনের ফিরিস্তি তুলে ধরেন।
তিনি বলেন, যতবার বিএনপি ক্ষমতায় গেছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকারে গেলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এই কার্ডের অর্ন্তভুক্তরা মাসে আড়াই হাজার টাকার মূল্যের মালামাল পাবেন। গনসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন।
গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, অ্যাডভোকেট আনিছুর রহমান মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মইনুল হোসেন চপল, জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah