জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 191 বার পঠিত
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দু’টি হাইব্রিডসহ ছয়টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় জাতগুলো সারা দেশে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রি সূত্রে জানা গেছে, নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে রয়েছে—একটি ভিটামিন-ই সমৃদ্ধ জাত, একটি লবণাক্ততা সহনশীল জাত, একটি রোগ প্রতিরোধী জাত, একটি হাওরাঞ্চলের উপযোগী ঠান্ডা সহনশীল জাত এবং দুটি লজিং টলারেন্ট বা ঢলে পড়া প্রতিরোধী হাইব্রিড জাত। এসব জাত যুক্ত হওয়ায় ব্রি উদ্ভাবিত ধানের জাতের সংখ্যা দাঁড়াল ১২৭টিতে।
ব্রি ধান ১১৫:
এটি বাংলাদেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চালের জাত, যা এন্থার কালচার পদ্ধতিতে উদ্ভাবিত। ধানের দানায় ভিটামিন-ই ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি। হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৪ টন এবং জীবনকাল ১৩৭-১৪২ দিন। দানার রং কালো এবং অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৩ ভাগ।
ব্রি ধান ১১৬ :
বোরো মৌসুমের একটি নাবি উচ্চ ফলনশীল জাত। এর জীবনকাল গড়ে ১৫৪ দিন। হেক্টরপ্রতি গড় ফলন ৮ দশমিক ৫৯ টন এবং উপযুক্ত ব্যবস্থাপনায় ১০ দশমিক ৩৬ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। ব্রি ধান ৯২-এর বিকল্প হিসেবে চাষযোগ্য।
ব্রি ধান ১১৭ :
এটি স্বল্প লবণাক্ততা সহনশীল ও রোগ প্রতিরোধী বোরো জাত। গড় ফলন হেক্টরপ্রতি ৮ দশমিক ৬ টন এবং উপযুক্ত পরিচর্যায় ৯ দশমিক ৯ টন পর্যন্ত পাওয়া যায়। এ জাতটি উচ্চমাত্রার রোগ প্রতিরোধী ক্ষমতা প্রদর্শন করেছে।
ব্রি ধান ১১৮ :
হাওর অঞ্চলের উপযোগী ঠান্ডা সহনশীল ধানের জাত। আগাম বপন করলেও চিটা হওয়ার ঝুঁকি নেই। স্বাভাবিক সময়ে বপনে হেক্টরপ্রতি ৬ দশমিক ৯ থেকে ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।
ব্রি হাইব্রিড ধান ৯ :
লজিং টলারেন্ট ও মাঝারি লবণাক্ততা সহনশীল হাইব্রিড জাত। কৃষকের মাঠে স্বাভাবিক অবস্থায় ফলন হেক্টরপ্রতি ৯ দশমিক ৫ থেকে ১০ দশমিক ৫ টন।
ব্রি হাইব্রিড ধান ১০ :
ঢলে পড়া প্রতিরোধী আরেকটি হাইব্রিড জাত। এর জীবনকাল ১৪৫-১৪৭ দিন এবং গড় ফলন হেক্টরপ্রতি ৯ দশমিক ৭ থেকে ১০ দশমিক ৭ টন।
বর্তমানে ব্রি’র উদ্ভাবিত ৩৯টি ধানের জাত বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন বৈরী পরিবেশ সহনশীল। ব্রি উদ্ভাবিত জাত ও প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশ বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। স্বাধীনতার পর থেকে মাথাপিছু আবাদযোগ্য জমি কমলেও খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় চার গুণ।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah