অনলাইন ডেস্ক | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 111 বার পঠিত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অনির্দিষ্ট সংখ্যক মানুষকে অপহরণ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা গ্রামগুলোতে হামলা চালিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে, ঘরবাড়িতে আগুন দেয় এবং বহু লোককে অপহরণ করে নিয়ে যায়। হামলাকারীরা ৪১টি মোটরসাইকেলে করে আসে; প্রতিটিতে দুই থেকে তিনজন করে ছিল।
এদিকে রয়টার্স জানিয়েছে, তিনটি গ্রামে নিহতের সংখ্যা প্রায় ৩২ জন। তবে এএফপির হিসাবে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। নিকটবর্তী অন্যান্য গ্রামেও হামলার আশঙ্কা থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসের শুরুতেও একই ধরনের হামলায় শতাধিক মানুষ নিহত হয়। সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো বহু বছর ধরে নাইজেরিয়ায় হামলা ও অপহরণ চালিয়ে আসছে; সাম্প্রতিক সময়ে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে এসব সহিংসতা বেড়েছে।
ভোরে তুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় ছয়জন নিহত হন বলে জানান নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন। কিছু বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এবং অপহৃতদের সংখ্যা এখনো নিশ্চিত নয়।
নিহতদের অধিকাংশই পাশের কনকোসো গ্রামের বাসিন্দা। ওই গ্রামেও হামলা চালিয়ে প্রায় সব ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং চার নারীকে অপহরণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কনকোসোতে হামলার পর বন্দুকধারীরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং একজনকে হত্যা করে।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah