নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 106 বার পঠিত
মাদারীপুরের শিবচর পৌর বাজারে ক্রেতা সেজে ছদ্মবেশে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে ৭টি দোকানকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকালে এ ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
জানা গেছে, সকাল ১০টার দিকে তিনি বোরকা পরে সাধারণ ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, ফল ও মুদি দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রির মতো অনিয়ম তার নজরে আসে।
পরে ছদ্মবেশ ত্যাগ করে পরিচয় প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রমজান উপলক্ষে বাজার তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
Posted ৪:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah