অনলাইন ডেস্ক | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 95 বার পঠিত
গ্রিসের রাজধানী এথেন্স—ঐতিহাসিক স্থাপনা, পর্যটকের ভিড় আর সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরা এক প্রাণচঞ্চল শহর। এই শহরেরই একটি পরিচিত এলাকা ওমোনিয়া। বহু বছর ধরে ওমোনিয়া হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান ঘাঁটি। কর্মসংস্থান, ব্যবসা আর নিজস্ব সাংস্কৃতিক পরিবেশ—সব মিলিয়ে ওমোনিয়া আজ যেন ইউরোপের বুকে গড়ে ওঠা ক্ষুদ্র বাংলাদেশ। এলাকার প্রায় সব সড়কেই রয়েছে বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠান।
বিশেষ করে গেরানিও সড়ক ও আশপাশের এলাকা প্রবাসী বাংলাদেশিদের কারণে পুরোপুরি বদলে গেছে। গভীর রাত পর্যন্ত এখানে থাকে শত শত প্রবাসীর পদচারণা। দেশি পণ্য, পরিচিত খাবার—সবই মেলে তুলনামূলক কম দামে।
গেরানিও সড়কে হাঁটলেই চোখে পড়ে ছোট ছোট চায়ের স্টল, সবজি-ফলের দোকান, পানের স্টল, ঝালমুড়ি, চটপটি, ফুচকার দোকান—সবই যেন হুবহু বাংলাদেশের রাস্তাঘাটের দৃশ্য। এই সড়ককে কেউ বলেন ‘বাংলা গল্লি’, কেউ ‘কাইল্লার গল্লি’। একসময় এ এলাকায় আফ্রিকান অভিবাসীদের আধিপত্য ছিল। তখনই বাংলাদেশিরা মজার ছলে রাস্তাটিকে ডাকতে শুরু করেন ‘কাইল্লার গল্লি’ বলে। মূলত ‘কাইল্লা’ শব্দটি দিয়ে আফ্রিকানদের বোঝানো হলেও প্রবাসীরা নিজেদের উপস্থিতি চিহ্নিত করতে এ নাম ব্যবহার করতেন। পরে নামটি জনপ্রিয় হয়ে যায়। এখনো অনেকে রাস্তাটিকে এই নামেই চেনেন—এমনও প্রবাসী আছেন, যিনি সড়কের আসল নাম জানেন না; কিন্তু ‘কাইল্লার গল্লি’ বললে ঠিকই চিনে নেন।
সময়ের সঙ্গে সঙ্গে এখানে জনসংখ্যা ও ব্যবসায়িক কাঠামো বদলে গেছে। ফলে আজ পুরো এলাকাটিই বাংলাদেশিদের নিয়ন্ত্রণে। বর্তমানে অনেকেই আবার মমতার সঙ্গে একে বলেন ‘বাংলা গল্লি’।
গেরানিও সড়কে বাংলাদেশিদের ব্যবসা এখন ব্যাপকভাবে বিস্তৃত। কসমেটিকস ও গ্রোসারি শপ, দেশি খাবারের রেস্টুরেন্ট, মিনি মার্কেট, মানি ট্রান্সফার এজেন্সি, ট্রাভেল এজেন্ট, সেলুন, মোবাইল ও ইলেকট্রনিকস দোকান—সবই রয়েছে এখানে। দোকানগুলোতে পাওয়া যায় বাংলাদেশের প্রায় সব ধরনের পণ্য: সবজি, মাছ, মাংস, দই-মিষ্টি, হাঁড়িভর্তি বিরিয়ানি, মসলাজাতীয় দ্রব্য, দেশি বস্ত্র থেকে শুরু করে ছোটখাটো হস্তশিল্প পর্যন্ত। নতুন প্রবাসীরা এখানে এলেই পেয়ে যান নিজের দেশের স্বাদ আর সহজে মানিয়ে নেওয়ার পরিবেশ। রাস্তার দেয়ালে সাঁটা বাংলা ভাষার পোস্টার, দোকানের সাইনবোর্ডেও বাংলা—সব মিলিয়ে এলাকাটি যেন এক টুকরো বাংলাদেশ।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এ সড়ক জমে ওঠে আড্ডা আর কথোপকথনে। হাতে গরম চায়ের কাপ, পাশে পরিচিত মুখ, সামনে বাংলাদেশি খাবারের সুবাস—সব মিলিয়ে প্রবাসীরা এখানে খানিকটা স্বস্তি খুঁজে পান, খুঁজে পান নিজ দেশের অনুভূতি। রাজনীতি থেকে শুরু করে গ্রামগঞ্জ, পরিবার, কাজের অভিজ্ঞতা, নতুন স্বপ্ন কিংবা অতীতের কষ্ট—সবকিছুই অবলীলায় ভাগাভাগি করেন তারা। এই আড্ডা যেন এক অনানুষ্ঠানিক থেরাপির জায়গা, যেখানে মন খুলে কথা বললে অনেকটাই হালকা হওয়া যায়।
ওমোনিয়াকে ঘিরে গড়ে ওঠা বাংলাদেশি সমাজ শুধু ব্যবসাকেন্দ্রিক নয়; এটি অনেকটা কমিউনিটি সাপোর্ট সিস্টেমের মতো। নতুন প্রবাসীরা বাসা, কাজ, ডকুমেন্টেশনসহ নানা বিষয়ে এখানে এসে পরামর্শ পান। কেউ সমস্যায় পড়লে পাশে দাঁড়ানোর মানসিকতাও রয়েছে। একদিকে ব্যবসায়িক সংহতি, অন্যদিকে সামাজিক সহমর্মিতা—সব মিলিয়ে এই এলাকা বাংলাদেশি প্রবাসীদের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
তাই ওমোনিয়া শুধু একটি এলাকা নয়; প্রবাসী বাংলাদেশিদের কাছে এটি গ্রিসের বুকে জীবন্ত এক টুকরো বাংলাদেশ। এখানে এসে তারা অনুভব করেন—দেশ থেকে অনেক দূরে থাকলেও বাংলাদেশ আসলে খুব দূরে নয়।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah