অনলাইন ডেস্ক | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 79 বার পঠিত
আফগানিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসীদের’ আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় নারী-শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর খবরে বলা হয়, রবিবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—তাদের কাছে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে যে তথাকথিত ‘খারিজি’রা (পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান) আফগানিস্তানে অবস্থানরত নেতৃত্বের নির্দেশে পাকিস্তানে হামলা চালাচ্ছিল।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএস-কেপি)-এর সাতটি সন্ত্রাসী শিবির ও গোপন আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালানো হয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার জন্য আফগান ভূখণ্ড থেকে পরিচালিত যোদ্ধাদের দায়ী করার পর এ পদক্ষেপ নেয় ইসলামাবাদ। গত অক্টোবরে সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হওয়ার পর এটিই সবচেয়ে বড় ও বিস্তৃত হামলা বলে মনে করা হচ্ছে।
হামলার বিষয়ে মন্তব্যের জন্য আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।
এএফপি জানায়, আফগানিস্তানের নানগারহার ও পাখতিকা প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তানি জেনারেলরা নিজেদের দেশের নিরাপত্তা দুর্বলতা ঢাকতে এ ধরনের অপরাধের মাধ্যমে ক্ষতিপূরণ দিতে চাইছেন।”
এএফপির এক প্রতিবেদক নানগারহারের বিহসুদ জেলায় হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয়দের বুলডোজার ব্যবহার করতে দেখেছেন। নাম প্রকাশ না করার শর্তে আফগানিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিহসুদ জেলায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ১৭ জন নিহত হয়েছেন; যাদের মধ্যে ১২ জনই শিশু ও কিশোর।
সূত্র: রয়টার্স, এএফপি
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah