নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 87 বার পঠিত
পটুয়াখালীর দুমকি উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গ্রেফতার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় আবুল হোসেন–হানিফ হোসেন পক্ষের সঙ্গে একই এলাকার সিদ্দিক মৃধা পক্ষের দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেন ও হানিফ হোসেন পক্ষের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah