নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 71 বার পঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তবর্তী বালারহাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই ভারতীয় নাগরিক হলেন আখিরুল খন্দকার (২২) ও ফারুক মিয়া (২২)। আখিরুল ভারতের কোচবিহার জেলা দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে। ফারুক মিয়া একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে।
আটক বাংলাদেশি যুবক আয়নাল হক (২৬) ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকার মনসের আলীর ছেলে। আটকের সময় তাদের তল্লাশি করে আয়নালের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তিনজনকেই ফুলবাড়ী থানা হাজতে নেওয়া হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক দুই ভারতীয় নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হবে। আর বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক দুই ভারতীয় নাগরিকের বিষয়ে বিএসএফকে অবহিত করা হয়েছে। রাতের মধ্যেই তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
Posted ৩:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah